স্টাফ রিপোর্টার ॥ যশোরে আদালতে অসদাচরণ করায় মুকলেচা দিয়ে রক্ষা পেয়েছেন সুমাইয়া খাতুন নামে এক যুবতী। তার দায়ের করা যৌতুক মামলায় রোববার স্বামী তানভীর হাসানকে রোববার আদালত জামিন মঞ্জুর করেন। এ কারণে তিনি আদালত কক্ষে অসাচরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সুমাইয়া খাতুন সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার মো. আব্বাস আলীর মেয়ে। গত ২৫ অক্টোবর তিনি স্বামী তানভীর হাসানের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেছিলেন। তানভীর হাসান তফসীডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন টিটোর ছেলে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ধার্যদিনে বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানভীর হাসান। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জামিন মঞ্জুর করেন। তবে এ সময় আদালত কক্ষে উপস্থিত বাদী সুমাইয়া খাতুন স্বামীকে জামিন দেওয়ায় অসদারচণ করলে বিষয়টি বিচরকের নজরে আসে। তিনি তাকে আদালতে অপেক্ষা করতে বলেন। বিকেল ৫টার দিকে সুমাইয়া খাতুন তার আইনজীবী আ. স. ম. ঈনামুজ্জামানের মাধ্যমে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রক্ষা পান। যোগাযোগ করা হলে তার আইনজীবী বলেন,‘বাদী একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন।’




