লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী নৌযান ভলগেটের ধাক্কায় নৌকা ডুবে একজন জেলে নিখোঁজ ও অপর দুই জন আহত হয়েছেন। নিখোঁজ রাধাকান্ত দাসের সন্ধানে রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় একটি বালুবাহী ভলগেট একটি মাছ ধরার ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর দাস (২৫) আঘাতপ্রাপ্ত হয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত সাগর দাসকে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ রাধা কান্ত দাসের সন্ধানে খুলনা থেকে আসা পাঁচ সদস্যের একটি ডুবুরি দল রবিবার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ভলগেটটি আটকের চেষ্টা চলছে ।





