যশোরে করোনা প্রতিরোধ কমিটির সভা : ভ্যাকসিন প্রদানে কমিটি হচ্ছে: পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন সহসা হচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির সভায় যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের অনুমতি মেলেনি। করোনার ২য় ঢেউয়ের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি প্রশাসন আরও কঠোর হচ্ছে। একই সাথে করোনা ভ্যাকসিন প্রদানের জন্যে কমিটি হচ্ছে। গতকাল বিকেলে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, এডিসি জেনারেল মো. রফিকুল ইসলাম, যশোর পুলিশের বিশেষ শাখার (ডিএসবি), এডিশনাল এসপি মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের জেডিএস মো. কবীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার প্রমুখ। সভায় করোনা পরিস্থিতির কারণে স্থগিত রাখা যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে আলোচনা হয়। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য স্থগিতাদেশ প্রতাহার করে নির্বাচন দেয়ার দাবি জানান। এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু কোন সাড়া না পেয়ে বড় বড় সভা সমাবেশের প্রতি যে নিষেধাজ্ঞা রয়েছে তার আলোকেও করোর ২য় ঢেউ বিবেচনা করে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়। সভায় উল্লেখ করা হয়, ব্যবসায়ীরা মাস্ক ব্যবহার করছে না। স্বাস্থ্যবিধি মানাতে তাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য প্রশাসন আরও কঠোর হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ভ্যাকসিন দেয়ার জন্যে জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

ভাগ