লোকসমাজ ডেস্ক॥ ভারতের বিশ্বনন্দিত ব্যাটিং লাইনআপ অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্টে ৩৬ রানেই অলআউট? এ কী বিশ্বাস হয়! বিশ্বাস করতে হচ্ছে কষ্ট হচ্ছে আসলে ক্রিকেটের তারকাদেরও। ভারতকে তো তারা এমন চেহারায় কখনও দেখেননি। কেউবা সান্ত্বনা দিচ্ছেন, কেউবা আর সুযোগে টিপ্পনীও কাটছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে শোয়েব আখতার বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব। ভারতের এমন লজ্জা দেখার পর তিনি কথা বলবেন না, তা কী হয় নাকি? শোয়েব টুইট করেছেন, যে টুইটে ছিল কিছুটা ব্যঙ্গ-রসাত্মক উক্তি। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে একটা সময় ভারতের স্কোর ছিল ৯ উইকেটে ৩৬, স্কোরবোর্ডে যা দেখাচ্ছিল ৩৬/৯। শোয়েব নাকি সেটিকে ৩৬৯ ভেবেছিলেন।
শোয়েব টুইট করেন, ‘আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম ৩৬৯। আমার বিশ্বাস হয়নি। তাই চোখ ধুয়ে আসি। তারপর দেখি ৩৬/৯। আমি এটাও বিশ্বাস করতে পারিনি এবং আবার ঘুমোতে চলে যাই।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এখন থাকেন অস্ট্রেলিয়াতেই। ভারতের এমন লজ্জার দিন গলফ খেলছিলেন ওয়াসিম। ফিরে এসে যা দেখলেন, বিশ্বাস করতে পারেননি। ওয়াসিম আকরামের টুইট, ‘দাঁড়ান, কি হলো এটা? আমি শুধু নাইন হোলস খেলতে গেলাম, ফিরে এসে দেখি ম্যাচ শেষ! অস্ট্রেলিয়ানরা কি স্পেলটা করলো। পেস নিয়ে ভাবতেই হয়।’ শুধু শোয়েব, ওয়াসিম নন। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। বিরাট কোহলিদের ধুয়ে দিচ্ছেন খোদ তাদের সমর্থকরাও।





