চাকরির নামে কোটি টাকা আত্মসাৎ স্ত্রী’র, স্বামীর দাবি মানসিকভাবে অসুস্থ!

খুলনা সংবাদদাতা॥ চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলরের ব্যক্তিগত সহকারীর (পিএস) স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে স্থানীয় কয়েকজন। বৃহস্পতিবার দুপুরে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী ফকিরবাড়ি এলাকায় ভিসির পিএস এফএম সাইফুল্লাহ পলাশের স্ত্রী দিলারা জাহান পায়েলকে (৩০) ধরে ভুক্তভোগীরা। এ ঘটনার খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে হেফাজতে নেয়। তবে পিএস সাইফুল্লাহ পলাশ দাবি করেন, তার স্ত্রী দিলারা জাহান পায়েল মানসিকভাবে অসুস্থ। আর্থিক লেনদেনের বিষয়টি জানার পর তাদের মধ্যে পারিবারিক কলহ তৈরি হয়েছে।
ভুক্তভোগী মো. হোসেন শেখ জানান, রেলিগেট মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা দিলারা জাহান পায়েল তার স্বামীর মাধ্যমে কুয়েটে চাকরির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। কুয়েট জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, এ ধরনের কোনও অভিযোগ বিশ্ববিদ্যালয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, তেলিগাতীতে লোকজন পায়েল নামে একজন মহিলাকে আটক রেখেছে জানতে পেরে পুলিশ সেখানে যায় এবং তাকে উদ্ধার করে। এলাকাবাসী মৌখিকভাবে জানায় ওই নারী চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেননি। আমরা ওই নারীকে থানায় এনেছি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবো।

ভাগ