সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০), খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮) ও একই উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেনের ছেলে সুব্রত সেন (২২)। তারা সবাই সোনার দোকানের কারিগর বলে জানা গেছে।
পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত গত বুধবার রাতে একটি মোটরসাইকেলে তালা উপজেলার পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সুব্রত। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনিও মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





