অভয়নগরে ব্যাগে পাওয়া গেল নবজাতকের মৃতদেহ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার সরখোলা এলাকার একটি খেজুর বাগানে ব্যাগের মধ্য থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ দেখতে আসা এলাকাবাসী জানান, শিশুটির বয়স ১ থেকে ৩ দিনের মধ্যে হবে। তবে, তার হাতে ক্যানোলা লাগানো ছিল বলে মনে হয়েছে। শিশুটির চিকিৎসা চলছিল বলে ধারণা তাদের। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাগ