স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডাকাতি প্রচেষ্টার একটি ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মালঞ্চি থেকে তাকে আটক করা হয়। আটক গোল্ডেন সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়া খোকন ওরফে মেসিয়ার খোকনের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এমবিবিআই ইট ভাটার সামনে যানবাহনে ডাকাতির প্রচেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পরে এ খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, একটি সার্টারগান ও একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি, একটি ছোরা, দুটি দা ও একটি চাপাতি উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। সূত্র জানায়, আটক গোল্ডেন সাব্বির ওই ডাকাতি প্রচেষ্টার সাথে জড়িত ছিলো বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।





