জাতীয় পতাকা অবমাননা: মনিরামপুরে সোনালী ব্যাংক ম্যানেজার ও আনসার সদস্যকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (য়শোর) ॥ মহান বিজয় দিবসে যশোরের মনিরামপুরে সোনালী ব্যাংকে ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জাতীয় পতাকা অবমাননায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার পর বৃহস্পতিবার ব্যাংক ম্যানেজার এবং আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে এসেছেন সোনালী ব্যাংক খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার এবং যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার।
জানা যায়, বুধবার মহান বিজয় দিবসে সারাদেশের মত মনিরামপুরেও সরকারি বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু মনিরামপুর উপজেলা পরিষদ মিলনাতনের মাত্র ৫০ গজ দূরে সোনালী ব্যাংক শাখার ভবনে ঝাড়–র লাঠিতে জাতীয় পতাকা উড়তে দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পাশাপাশি দৃশ্যটির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এর পর পরই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জকির হাসান, সহকারী কমিশনার(ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। সাথে সাথেই পতাকাবাহী ঝাড়–র লাঠি নামিয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সরেজমিন তদন্তে আসেন সোনালী ব্যাংক খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার(জিএম) রেজাউল করিম এবং যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) শফিকুল ইসলাম। ডিজিএম শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তের পর বেলা ১১ টায় ব্যাংক ম্যানেজার ফারুকুজ্জামান এবং আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ম্যানেজারকে যশোর প্রিন্সিপাল অফিসে সংযুক্ত করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফারুক হোসেন জানান, সোনালী ব্যাংকের দায়িত্বরত আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের পর জেলা অ্যাডজুটেন্ট অফিসে সংযুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংকের ডিজিএম আরও জানান, জাতীয় পতাকা অবমাননার সাথে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ভাগ