স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ আদালতের কার্যক্রম দেরিতে শুরু, আইনজীবীদের সাথে অসদাচরণ, প্রকাশ্য আদালতে আদেশ দিয়ে তা নথিভুক্ত না করে আসামিকে রিমান্ডে পাঠানোসহ নানা অভিযোগে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালত বর্জন করছেন ঝিনাইদহের আইনজীবীরা। সোমবার রাতে আইনজীবী সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সাথে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের অপসারণ দাবি করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামন ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া মিলন যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সম্মানজনক আচরণ করেন না। মামলার আদেশ না নিয়ে পরে দিব বলে তার বিপক্ষে রায় দেন। আইনজীবীদের সাথে যথাযথ আচরণ করেন না ওই দুই বিচারক। এছাড়াও নির্দিষ্ট সময়ে আদালতের বিচার কার্যক্রম শুরু করা হয় না। এতে আইনজীবী ও বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া মিলন বলেন, দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আপাতত আমরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন করেছি। তার অপসারণ দাবি করছি। গত ১০ ডিসেম্বর এ সিন্ধান্ত গ্রহণ করা হলেও ১৪ ডিসেম্বর থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।





