অভয়নগরে পুলিশের ফাঁদে তিন চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের কৃষক বিমল বিশ্বাসের কাছে টাকা আনতে গিয়ে পুলিশের ফাঁদে ধরা পড়েছে তিনজন চাঁদাবাজ। মঙ্গলবার রাতে বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ ওঁৎপেতে থেকে বিমল বিশ্বাসের বাড়ি থেকে চাঁদাবাজদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার গোপীনাথপুর গ্রামের গফ্ফার শিকদার (৫০), ইছামতি গ্রামের হারাধন (৩৫) ও হিদিয়া গ্রামের আজিজুর রহমান (৪০)। বাশুয়াড়ী ক্যাম্প পুলিশের এএসআই ওহিদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র ইছামতি গ্রামের কৃষক বিমল বিশ্বাসের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দেনদরবারের মাধ্যমে চাঁদাবাজরা ২০হাজার টাকা নিতে সম্মতি হলে বিমল বিশ্বাস পুলিশকে জানান। ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ বিমল বিশ্বাসের বাড়িতে ওঁৎপেতে থাকে। চাঁদাবাজরা ২০হাজার টাকা নিতে আসলে ঘটনাস্থল থেকে হারাধন ও গফ্ফার শিকদারকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আজিজুর রহমানকেও আটক করা হয়। বুধবার সন্ধ্যায় থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, চাঁদাবাজদের নামে থানায় মামলা রুজু হয়েছে। তিন চাঁদাবাজকে আটক করে বুধবার দুপুরে তাদেরকে যশোরে আদালতে সোপর্দ করা।

ভাগ