স্টাফ রিপোর্টার ॥ যশোর সাহিত্য পরিষদ রক্ষার আহ্বান জানিয়েছেন, সংগঠনটির নেতৃবৃন্দসহ ২৮ জন কবি-সাহিত্যিক ও শুভানুধ্যায়ী। শহরের মুজিব সড়ক প্রশস্ত করার জন্যে ১৭ ডিসেম্বর আকস্মিকভাবে বুলডোজার দিয়ে ভবনটির একটি অংশ ভেঙে ফেলা হয়। বিনা নোটিশে এভাবে ভাঙার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তারা। একই সাথে আজ সকাল ৯টায় সাহিত্য পরিষদ কার্যালয়ের সামনে সাংস্কৃতিক কর্মীদের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কবি আজিজুল হকের নেতৃত্বে যশোরের সাহিত্যনুরাগীদের প্রচেষ্টায় ১৯৮৩ সাল থেকে যশোর জেলা পরিষদের জায়গায় সাহিত্য পরিষদের কার্যক্রম শুরু হয়। ১৯৯২ সাল থেকে এই ভবনের দোতলায় সাহিত্য পরিষদের কার্যক্রম চলছে, গতকাল তার একাংশ ভাঙা হয়েছে। বিভিন্ন সময়ে এখানে সাহিত্য চর্চার মাধ্যমেই অনেক কবি সাহিত্যিক দেশে-বিদেশে খ্যাতিমান হয়েছেন। সাহিত্য মোদীদের দাবি, সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যে একই স্থানে পুনরায় তাদেরকে যশোর সাহিত্য-পরিষদ কার্যালয় স্থাপনের সুযোগ চেয়েছেন। সাহিত্য পরিষদের সভাপতি শাহিন ইকবাল ছাড়া স্বাক্ষরদাতা ২৮ জনের মধ্যে রয়েছেন হারুর-অর-রশীদ, মনিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মোজাই জীবন সফরী, মাহমুদ হাসান বুলু, নওরোজ আলম চপল প্রমুখ।





