বাগেরহাটে গৃহবধূকে নির্যাতনের মামলায় স্বামী ও শাশুড়ি আটক

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে শাশুড়ির পরকীয়া ফাঁস করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রামপাল থানার পুলিশ রামপাল উপজেলার রনসেন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিতার স্বামী আশিকুর রহমান সোহান (৩০) ও শাশুড়ি তহমিনা বেগমকে (৫০) আটক। এর আগে গত সোমবার সকালে নির্যাতিত গৃহবধূ সাদিয়া আক্তার মান্নি স্বামী শেখ আশিকুর রহমান সোহান ও শাশুড়ি তহমিনা বেগমসহ ৬ জনকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন।
বাগেরহাটের রামপাল থানা পুলিশের ওসি মো. মনজুরুল ইসলাম বলেন, স্বামীর নির্যাতনের শিকার সাদিয়া আক্তার মান্নি বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য. চলতি বছরের ৬ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সাথে সাদিয়া আক্তার মান্নির বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর মান্নি জানতে পারেন তার শাশুড়ি পরকীয়ায় আসক্ত। বিষয়টি স্বামীকে জানালে তার ওপর শুরু হয় অত্যাচার নির্যাতন। মান্নি আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত ৯ ডিসেম্বর স্বামী আশিকুর রহমান সোহানসহ আরও কয়েকজন মান্নিকে কুপিয়ে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে মান্নি মামলা দায়ের করেন।

ভাগ