স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে গত মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী একটি বাস থেকে সোনার ২৪টি বারসহ বাকি বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, বিকেল পৌনে চারটার দিকে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েক মো. শাহাজাহান আলীর নেতৃত্বে বিজিবি একটি লোকাল বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহ হওয়ায় বাসের যাত্রী বাকি বিল্লাহকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে প্যান্টের ভেতরে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার ২৪টি বার উদ্ধার হয়। যার পরিমাণ প্রায় ২ কেজি। আটক বাকি বিল্লাহ শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।





