সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

লোকসমাজ ডেস্ক॥ করোনা শনাক্তে নমুনা পরীক্ষার নামে প্রতারণা করার মামলায় ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- ডা. তাহমিদুল ইসলাম ও মোসা. লিজা বেগম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। এ মামলার ৪০ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য শেষ হলো। মামলার অন্য আসামিরা হলেন- সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের প্রধান হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। সাক্ষ্য গ্রহণকালে ওই ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এদিকে এদিন হুমায়ুন কবির, তানজীনা পাটোয়ারী ও জেবুন্নেছা রিমার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। গত ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। তার আগে ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় জেকেজি হেলথকেয়ার। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

ভাগ