রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ সাত লাখ টাকা যৌতুক না পেয়ে রামপালে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে তার স্বামীসহ স্বামী পরিবারের লোকজন। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার মামলাটি করেন, আহত অন্তঃসত্ত্বা গৃহবধু সাদিয়া আকতার মান্নি (১৯)। আসামিরা হলেন, আহতের স্বামী শেখ আশিকুর রহমান সোহান, শাশুড়ি তাহমিনা বেগম, আকলাকুল ইসলাম নান্নু, শেখ তরিকুল ইসলাম ডালিম, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. সাইদুল ইসলাম।
এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সাথে সাদিয়া আকতার মান্নির বিয়ে হয়। এরপর মান্নির স্বামী সোহান বিদেশ যাওয়ার কথা বলে ৭ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় ওই গৃহবধূকে নির্যাতন করে পিতার বাড়িতে তাড়িয়ে দেন তার স্বামী। এ সময় মান্নি অন্ত:সত্ত্বা ছিলেন। এরপর পিতা শুকুর কাজী মেয়ের সুখের কথা চিন্তা করে মীমাংসা করার জন্য জামাইসহ তাদের আত্মীয় স্বজনদের নিজ বাড়িতে আসতে বলেন। ঘটনার দিন গত ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় আসামিরা শুকুরের তালবুনিয়া গ্রামের বাড়িতে হাজির হন। আসামিদের সাথে আলোচনা করে মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন গৃহবধুর পিতা। কিন্তু আাসামিরা যৌতুকের ৭ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ওই সন্ধ্যায় ৬ টায় আশিকসহ অন্যরা অন্ত:সত্ত্বা মান্নিকে মেরে ও মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ধরার জোর চেষ্টা চলছে।





