নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান কবির সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

নড়াইল অফিস ॥ নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ী খান মোহাম্মদ কবির হোসেন (৫০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা গত রোববার সন্ধ্যায় নড়াইল সদরের মুলিয়া বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কবির হোসেনের ছয়টি দাঁত তিগ্রস্থ হয়েছে। এক পর্যায়ে তাকে অপহরণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। স্থানীয়রা আহত অবস্থায় চেয়ারম্যানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। আহত কবির হোসেনের স্ত্রী ও স্বজনেরা জানান, ব্যবসায়ীক কাজে তিনি রোববার সন্ধ্যায় মুলিয়া বাজারে যান। এসময় সন্ত্রাসীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কবির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা পিস্তলের বাট দিয়ে তার মাথা ও মুখে আঘাত করে। এতে তার ছয়টি দাঁত তিগ্রস্থ হয়েছে। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। এদিকে চাঁদাবাজি ও মারধরের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির হোসেনকে তুলে নিয়ে যাচ্ছিল। এমন সময় নড়াইল শহরের হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে অন্যান্যের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, চাঁদা দাবির অভিযোগে কবির হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাগ