নওয়াপাড়ায় নদ দখলকারী ২৫ স্থাপনা অপসারণ

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ অভয়নগরে ভৈরব নদের দুই পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ২৫টি স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এসব স্থাপনাসমূহ অপসারণের কাজ। বিআইডাব্লিউটিএ’র নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক শাহ আলম মিয়া জানান, বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে সোমবার দিনব্যাপী নওয়াপাড়া নৌবন্দরের আওতাধীন ভৈরব নদের তালতলা ঘাট এলাকা থেকে শুরু করে ভৈরব ব্রিজ পর্যন্ত দু পাশে গড়ে ওঠা ২৫টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল জানান, কতিপয় অসাধু ব্যক্তি ভৈরব নদ দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছে। যার ফলে নদের পানি প্রবাহের বাঁধা সৃষ্টি হয়ে নদের নাব্যতা হ্রাস পাচ্ছে। এসব দিক বিবেচনা করে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা ও নদে থাকা জেটি-লংবুম অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হচ্ছে। আজ মঙ্গলবারও ভৈরব নদ দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভাগ