মাসুদ রানা বাবু ॥ আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এইদিনে মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা সারা দেশে বিজয়ের পতাকা উড়ানোর অপেক্ষা করছিলেন। রাত পেরুলেই বিজয়ের দিন। যদিও বিজয়ের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগীতায় এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এক বেদনাবিধূর পরিবেশ তৈরি করে। তারপর ও বিজয় ছিনিয়ে নিতে মনোবল হারাননি মুক্তিকামীরা। তারা সময় মত বাধার বাঁধ ভেঙে রাজধানী ঢাকার বিজয় পতাকা উড়ানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিন রেডিও বার্তার মাধ্যমে পাকসেনাদের আত্মসমর্পণ করার আহ্বানের খবর বাতাসে ভাসতে থাকে। পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লে. জেনারেল নিয়াজী ও যুদ্ধ বিরতির জন্য ইসলামাবাদকে তাগিদ দিতে থাকেন। তিনি যুদ্ধ বিরতির জন্য একটি প্রস্তাবও দেন। যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রর স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে দিল্লি পৌঁছায় এবং ভারত তাতে সাড়া দেয়। স্থির হয় পরদিন ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১ মিনিটে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজীর নেতৃত্বে পাকবাহিনীর যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য অপেক্ষার পালা শেষ করতে থাকেন মুক্তিযোদ্ধারা।





