ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের সাবেক নেতা আনছার শেখের বারাকপুরের বাড়িতে গত শনিবার রাতে বোমা ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা বলে দাবি করা হয়েছে। ঘটনার পর পরই দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। রোববার বেলা ১২ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। আনছার শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যান গাজী জাকির হোসেন পরিকল্পিতভাবে রাত নয়টায় তার বারাকপুরের বাড়িতে ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসীদল নিয়ে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা তার বাড়ির বারান্দায় রাখা মোটরসাইকেল ও জানালার গ্লাস ভাঙচুর করে। তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি ও বোমাবর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা হাসান মিনা বলেন, ‘রাত নয়টায় হঠাৎ বোমা ও গুলির শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর জানতে পারি আনছার শেখের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’ দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





