চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে আতিকুর রহমান (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বড় কাবিলপুর গ্রামে কপোতা নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুর রহমান চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। সে চৌগাছা কামিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় আতিকুর তার মায়ের সাথে বড় কাবিলপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়। গত শনিবার মাঠে নানা আব্দুল মান্নানকে খাবার দিয়ে ফেরার পথে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওইদিন রাতেই তার পিতা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল রোববার বিকেলে এলাকাবাসী কপোতাক্ষ নদে শিশু আতিকুরের মরদেহ ভেসে থাকতে দেখে চৌগাছা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানা পুলিশের এসআই বজলুর রহমান বলেন, শিশুটি নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার পিতা জিডি প্রত্যাহার করে নিয়েছেন।

ভাগ