স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ ‘ইলিশ আছে ইলিশ, ছোট-বড় ইলিশ’। রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামে এভাবে চার যুবক মাথায় হাড়ি বসিয়ে ফেরি করে বিক্রি করছিলেন ইলিশ মাছ। বিষয়টি গ্রামবাসীর সন্দেহ হলে তারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগরকে জানান। খবর পেয়ে উপজেলা পরিষদ থেকে ২৩ কিলোমিটার দূরত্বে জয়রাবাদ গ্রামে পৌঁছে যান মৎস্য কর্মকর্তা। স্থানীয় ক্যাম্প পুলিশের সহযোগিতায় জাটকা ইলিশ মাছসহ ওই চার যুবককে আটক করেন তিনি। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদেরকে সোপর্দ করা হয়। আদালতের নাজির সুব্রত রায় জানান, জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য আইনে দন্ডবিধি ৫ এর ১ ধারায় হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার রাহেলা গ্রামের কামাল মিয়ার ছেলে শিবলু মিয়া (২২), একই গ্রামের আবুল কালামের ছেলে মিজানুর রহমান সেলিম (২০), নুরুল হকের ছেলে তাকাব্বির হোসেন (২০) ও হাবিবুর রহমানের ছেলে রাজিব হোসেনকে (১৮) এক হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চারটি হাড়ি থেকে বাছাই করে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন জানান, চার হাড়িতে প্রায় ৮০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। তবে চার যুবক দরিদ্র হওয়ায় বড় সাইজের মাছগুলো ফেরত দেয়া হয়েছে। জব্দ করা ২০ কেজি মাছ স্থানীয় দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। উপজেলার কোন স্থানে জাটকা ইলিশ বেচাকেনা হলে তাদেরকে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে সোপর্দ করার অনুরোধ করেন তিনি।





