পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় কপিলমুনি মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান উপজেলা সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ ডিসেম্বর ছিল কপিলমুনি মুক্ত দিবস। এ উপলক্ষে জনসভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে প্রশাসনের উদ্যোগে আয়োজক কমিটি। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের নিমন্ত্রণ করা হয় বিশেষ অতিথি হিসেবে। তারা যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হলেও তাদের কোন কর্মসূেিত অংশ নিতে দেয়া হয়নি। সভা মঞ্চেও তাদের দেয়া হয়নি কোন আসন। অবশেষে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সভা বয়কট করেন। একই অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু তার বক্তৃতায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকান্ডের সপক্ষে প্রকাশ্য আপত্তিকর বক্তব্য দেয়ায় তার তীব্র প্রতিবাদ করা হয় সংবাদ সম্মেলনে। তার কঠোর শাস্তি দাবি করেন উপস্থিত সকল মুক্তিযোদ্ধা। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আসলেই দুঃখজনক, তাদের সাথে বসে সমস্যা সমাধান করা হবে।





