স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা সড়কের হুদার মোড়ে গতকাল দুপুরে একটি বেপরোয়া বাসের ধাক্কায় মাসুদ রানা রিকন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মধুখালী থেকে মোটর সাইকেলযোগে যশোর আসার পথে বিপরীত দিক থেকে দেশ ট্রাভেলসের একটি বাস ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল দিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করেছে। নিহত মাসুদ রানা রিকন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সামছুল হকের পুত্র। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলা বারতি বাজার গ্রামে। বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শামীম ও নিহতের আত্মীয় নাসির জানিয়েছেন, মাসুদ রানা ফরিদপুরের মধুখালীতে তার বোনের বাড়ি বেড়াতে আসেন। মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্যে গতকাল তিনি যশোর শহরের আসছিলেন। এ সময় দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস যশোর হতে ঢাকায় যাচ্ছিল। মাসুদ রানা পথের মাঝে যশোর সদর উপজেলার হুদার মোড়ে পৌঁছুলে বাসটি মোটরসাইকেলের সামনে ধাক্কা দেয়। এতে মাসুদ রানা গুরুতর আহত হন। তখন হুদো গ্রামের সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। এ সময় জরুরি বিভাগে কর্মরত ডাঃ মোঃ শাহীনুর রহমান (সোহাগ) তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানা রিকন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।





