লোকসমাজ ডেস্ক॥ টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বাজারে সয়াবিনের দাম কমতির দিকে ছিল। তবে সর্বশেষ সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে কৃষিপণ্যটির সাপ্তাহিক বাজার পরিস্থিতি। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাজারে সয়াবিনের সরবরাহ প্রত্যাশার তুলনায় কিছুটা কমে এসেছে। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির দামে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।
যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শুক্রবার প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন ১১ ডলার ৫৬ সেন্টে বিক্রির মধ্য দিয়ে বেচাকেনা শেষ হয়, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে সর্বশেষ সপ্তাহে কৃষিপণ্যটির সাপ্তাহিক দাম আগের সপ্তাহের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। যদিও এর আগের সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের দাম ২ দশমিক ৪ শতাংশ কমেছিল।
সয়াবিনের দামের ঘুরে দাঁড়ানোর পেছনে কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। প্রথমত, ডিসেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে সয়াবিন সরবরাহ আগের তুলনায় কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে কৃষিপণ্যটির সরবরাহ প্রত্যাশার তুলনায় বেশি কমেছে।
দ্বিতীয়ত, প্রতিকূল আবহাওয়ার জের ধরে আর্জেন্টিনায় সয়াবিন উৎপাদন ব্যাহত হওয়ার খবর মিলেছে। এর জের ধরে দেশটির সরকার কৃষিপণ্যটির উৎপাদন প্রাক্কলন কমিয়ে এনেছে। তৃতীয়ত, শুষ্ক আবহাওয়ার কারণে এবারের মৌসুমে ব্রাজিলেও ভুট্টা ও সয়াবিন উৎপাদন কমে আসতে পারে। কমানো হয়েছে উৎপাদন প্রাক্কলন। এ তিনটি কারণের সম্মিলিত প্রভাবে সিবিওটিতে সয়াবিনের সাপ্তাহিক বাজার চাঙ্গা হয়ে উঠেছে।
সয়াবিনের পাশাপাশি সিবিওটিতে গম ও ভুট্টার সাপ্তাহিক দামেও চাঙ্গা ভাব দেখা গেছে। সর্বশেষ সপ্তাহে গমের দাম আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর কৃষিপণ্যটির দামে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। অন্যদিকে একই সময়ে ভুট্টার দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে দশমিক ৩ শতাংশ। এর আগের সপ্তাহে কৃষিপণ্যটির সাপ্তাহিক দামে ৩ শতাংশের বেশি পতন বজায় ছিল।
খাতসংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে খাবারের দাম বেড়ে যাওয়ার জের ধরে গম রফতানিতে বাড়তি শুল্ক আরোপ কিংবা কৃষিপণ্যটি রফতানিতে কোটা বেঁধে দেয়ার চিন্তাভাবনা করছে রাশিয়া সরকার। এ খবর প্রকাশের পর গমের বাজার চাঙ্গা হয়ে উঠেছে। অন্যদিকে ব্রাজিলে প্রতিকূল আবহাওয়ার জের ধরে উৎপাদন কমার সম্ভাবনা দাম বাড়িয়েছে ভুট্টার।





