আবারও ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন পুকোভস্কি

লোকসমাজ ডেস্ক॥ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আবারও ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডেভিড ওয়ার্নার প্রথম টেস্টে খেলতে পারবেন না, এটা আগেই জানা ছিল। এবারও সেই একই জায়গায় ধাক্কাটা লাগলো অসি শিবিরে। সেই ওপেনারের জায়গা নিয়েই এখন দারুণ সমস্যায় পড়লো অসিরা। ওয়ার্নারের পর অ্যাডিলেডে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন উইল পুকোভস্কিও। তার জায়গায় অসি দলে ঢুকেছেন মার্কাস হ্যারিস।
মূলতঃ কনকাশনের কারণেই ছিটকে যেতে হলো এখনও অভিষেকের টুপি না পরা উইল পুকোভস্কি। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ চলাকালে কার্তিক ত্যাগির বাউন্সার হেলমেটে লাগে পুকোভস্কির। যে কারণে ওই ম্যাচে আর খেলতে পারেননি। এবার প্রথম টেস্টের দল থেকেও ছিটকে গেলেন। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ডেভিড ওয়ার্নার আগেই দিবা-রাত্রির এই টেস্ট থেকে ছিটকে যান। তার জায়গায় দলে ঢুকেছিলেন পুকোভস্কি। এবার তিনিও চোট পেয়ে ছিটকে গেলেন। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে একের পর এক চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার, পুকোভস্কি ছাড়াও ক্যামেরন গ্রিন এবং হ্যারি কনওয়েও চোট পেয়েছেন। হ্যারিসের দলে ঢোকা নিয়ে অস্ট্রেলিয়া দলের নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘মার্কাস হ্যারিসের মতো একজন ক্রিকেটারকে সুযোগ দিতে পারাটা সত্যিই ভাল বিষয়। এই মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। এছাড়া ভারতের বিরুদ্ধে দুটি প্র্যাকটিস ম্যাচেই সে খেলেছে। ভারতীয় বোলারদের সামলানোর সেই অভিজ্ঞতা কাজে লাগবে। একই সঙ্গে ওয়ার্নার এবং পুকোভস্কির জন্য আমাদের খারাপ লাগছে। আশা করব বক্সিং ডে টেস্টের আগে ওরা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

ভাগ