স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে রশেদুল ইসলাম রাহুল (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধারের দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সিপিসি যশোর ক্যাম্পের কোম্পনি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি টিম চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় রাশেদুল ইসলাম রাহুল নামে ওই যুবককে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। আটক রাশেদুল ইসলাম রাহুল ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।





