ফরিদপুরে কামাল ইবনে ইউসুফের দাফন

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরে। জেলা শহরের কমলাপুরে ময়েজ মঞ্জিলে বাবা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার কবরের পাশে শুক্রবার তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা ৩টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় দাঁড়িয়ে জানাজায় অংশ নেন অনেকে। জানাজার পর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
গত ৮ অক্টোবর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এর আগে গত ১৯ নভেম্বর নিউমোনিয়াজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে তাঁর করোনাভাইরাস ধরা পড়ে। এক সপ্তাহ ধরে তাঁকে হাসপাতালে ভেন্টিলেটশনে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়ার দুই মেয়াদের সরকারে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা কামাল ইবনে ইউসুফের বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৪০ সালের ২৩ মে ফরিদপুরে জন্মগ্রহণ করা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে পাঁচবার সংসদে গেছেন। তার দাদা চৌধুরী মঈজউদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার। আর বাবা চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া) ছিলেন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা। জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেওয়া কামাল ইবনে ইউসুফ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট উন্নয়ন কাউন্সিলর (ডিডিসি) ছিলেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিচারপতি আবদুস সাত্তারের সময় স্থানীয় সরকার ও পলী উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বিএনপি নেতা। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া সরকার গঠন করলে কামাল ইবনে ইউসুফকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেন। পরে ২০০১ সালে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

ভাগ