লোকসমাজ ডেস্ক॥ প্রবীণ কমিউনিস্ট নেতা, ইউনাইটেড লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমানকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দল। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর একটায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুর রহমান।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বাম গণতান্ত্রিক জোট, ৯ বাম সংগঠন, ইউনাইটেড কমিউনিস্ট লীগসহ বিভিন্ন শ্রেণি ও গণসংগঠনের নেতারা আজিজুর রহমানের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় এক মিনিট নিরবতা পালন ও আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে তার প্রতি সম্মান জানানো হয়। বাম নেতা সাইফুল হক জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে তার বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। সাইফুল হক জানান,শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনার হাদিস পার্কে আজিজুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর সাতক্ষীরার তালায় তার কৃষক আন্দোলনের প্রধান ক্ষেত্রে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, ৬০ এর দশক থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজিজুর রহমানের রাজনৈতিক জীবন শুরু। ৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে গত ৫০ বছরে এদেশের জনগণের শোষণমুক্তির বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। সামরিক স্বৈরতন্ত্রবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’





