শিগগির জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে ক্ষমতাসীনদের: মির্জা ফখরুল

লোকসমাজ ডেস্ক॥ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শিগগিরই ক্ষমতাসীনদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের নেত্রী যিনি দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে, তাকে সম্পূর্ণ বিনাদোষে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে দীর্ঘ দুই বছর ধরে। আজকে ৩৫ লাখের ওপরে মানুষকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। প্রায় ৯‘শ মতো মানুষ গুম হয়ে গেছে, হত্যা হয়েছে হাজার হাজার।’ বিএনপি মহাসচিব বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মানবাধিকার লঙ্ঘন করে তারা সংবিধান লঙ্ঘন করছে। এজন্যই অতিনিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই দিনটি যখন আমরা পালন করছি, আসুন আমরা সবাই সচেতন হই। আমরা দেশের অবস্থা সম্পর্কে, বিশ্বের অবস্থা সম্পর্কে আরও ভালো করে জানি, কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সবাই একজোট হই। আমার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকেই আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে।’ গুম হওয়া পরিবারের আহাজারির কথা উল্লেখ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অনেকের বাসায় গিয়েছি। তাদের মা-বোন-ভাই তাদের এখনো যে আহজারি, এটা কখনোই মেনে নেয়ার মতো নয়। তাদের অপরাধ, তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা ছিল, সরকারের মত থেকে ভিন্নমত পোষণ করতো। এই কারণে তাদেরকে হারিয়ে যেতে হয়েছে, খুন হতে হয়েছে।’ ফখরুল বলেন, ‘আজকে যখন আমরা দেখি আমাদের নির্বাচন; আমাদের সংবিধানে যেটা আছে, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা পার্লামেন্ট গঠন করব, প্রতিনিধি নির্বাচন করব, পার্লামেন্ট গঠন করে দেশ পরিচালনা করবো সেই নির্বাচনে আগের রাতেই ভোট নিয়ে চলে যায়। আজকেও একটি নির্বাচন হচ্ছে- পৌর নির্বাচন। ২২টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আমি ইতোমধ্যে খবর পেয়েছি যে, প্রায় প্রত্যেকটি পৌরসভা নির্বাচনে সরকারি দলের লোকেরা দখল করে নিয়েছে পুলিশের সাহায্যে, রাষ্ট্রের সাহায্যে, এই হচ্ছে যেটা বাংলাদেশের বর্তমান অবস্থা।’ এই ভার্চুয়াল আলোচনায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, ওমান, প্যালেস্টাইনের কূটনীতিকরা এবং জাতিসংঘ, আইআরআই, আইসিআরসি প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এই আলোচনায় অংশ নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের পরিচালনায় এই ভার্চুয়াল আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গুম হওয়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস ও ঢাকা মহানগর বিএনপির সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি ও ছাত্রদলের জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

ভাগ