মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৯ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৯ জয়িতার হাতে ক্রেস ও সনদপত্র তুলে দেন। জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) জুলিয়া সুকায়না, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি শামসুজ্জামান। এবার ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে মনোনীত হয়েছেন ৯ জন। তার মধ্যে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মনিরা পারভীন,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী চপলা রাণী,সফল জননী নারী মোছা: রোকেয়া বেগম,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী শাহিনুর বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিখা রাণী বিশ্বাস। অন্যদিকে সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছেন ৪ জন নারী । এরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সুচিত্রা রানী বসাক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী চপলা রানী, সফল জননী নারী বীনা রানী বিশ্বাস ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সীমা খাতুন। জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদফতর মাগুরার আয়োজনে এ অনুষ্ঠানের সরকারি বে-সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নারীনেত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।





