লোকসমাজ ডেস্ক॥ ২০০ টাকায় লিজ নেয়া জমির মাটি খুঁড়ে ৬০ লাখ টাকার হিরা পেয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লক্ষ্মণ যাদব নামে ওই ভাগচাষি সম্প্রতি একটি জমি লিজ হিসেবে নিয়েছিলেন। চাষের জন্য জমিটি লিজ নেওয়ার পরই সম্প্রতি সেটি খুঁড়তে শুরু করেন লক্ষ্মণ। আর তখনই একটি পাথর দেখতে পান। কিছুটা পরিষ্কার করতেই বুঝতে পারেন, আসলে সেটি সাধারণ কোনো পাথর নয়, হিরা। এরপরই শহরের একটি দোকানে সেটি দেখান তিনি। তারাও জানায়, এটি আসল হিরা। ওজন ১৪.৯৮ ক্যারেট। গত শনিবার নিলামে হিরাটি বিক্রি করেন লক্ষ্মণ। পেয়েছেন ৬০.৬ লাখ টাকা। লক্ষ্মণ জানিয়েছেন, কোনো বাজে খরচ নয়। অধিকাংশ টাকাই ফিক্সড ডিপোজিট করবেন। যাতে ভবিষ্যতে তার সন্তানদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। ৪৫ বছর বয়সী লক্ষ্মণের কথায়, ‘আমি বেশি কিছু করব না। নিজে কোনোদিন পড়াশোনা শিখিনি। আমি এই টাকার বেশিরভাগটাই ফিক্সড ডিপোজিট করব, যাতে ভবিষ্যতে আমার চার সন্তানের পড়াশোনার কোনো সমস্যা না হয়।’ তবে কিছুটা শখ পূরণ তিনি করেছেন। হিরা বিক্রি করে পাওয়া প্রথম ১ লাখ টাকায় নিজের জন্য একটি বাইক কিনেছেন।





