লোকসমাজ ডেস্ক॥ ধীরে ধীরে রাউন্ড রবিন লিগের ফিরতি পর্বও প্রায় শেষের পথে। দিনক্ষণ হিসাব করলে আর মাত্র দুদিন অর্থাৎ ৪টি ম্যাচ বাকি। তারপরই শীর্ষ চার দল নিয়ে শুরু হবে প্লে-অফ রাউন্ড। এখন প্রশ্ন হলো, পাঁচ দলের এ আসরের কোন চার দল খেলবে নকআউট পর্বে? এখন পর্যন্ত লিগ টেবিলের যা অবস্থা তাতে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা নিজেদের সেরা চারের টিকিট নিশ্চিত করেছে। মোহাম্মদ মিঠুন বাহিনী ছয় খেলার পাঁচটিতে জিতে শুধু পয়েন্ট তালিকায় সবার ওপরেই অবস্থান করছে না, নকআউট পর্বও নিশ্চিত করেছে। এক ম্যাচ বেশি খেলে চার জয় নিয়ে চট্টগ্রামের ঘাড়ে নিশ্বাস ফেলছে জেমকন খুলনা। এই দুই দলের ঠিক পেছনেই অবস্থান করছে বেক্সিমকো ঢাকা, ছয় ম্যাচে যাদের পয়েন্টও ঠিক ৬। শুরুতে পরপর তিন ম্যাচ হেরে খানিক পিছিয়ে পড়লেও পরে টানা তিন ম্যাচ জিতে নকআউট পর্বে খেলার জোর সম্ভাবনা জাগিয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। তাদের খুব কাছে নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। সারোয়ার ইমরানের শিষ্যদের সংগ্রহ সাত খেলায় ৪ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২২০ রানের পাহাড়সমান স্কোর গড়েও হেরে যাওয়ায় রাজশাহীর সম্ভাবনা কমেছে অনেকটা। কারণ তাদের আরেকটি ম্যাচ আছে। সেটি গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই যে শান্তর দল নকআউট পর্বে থাকবে- এমন নিশ্চয়তা নেই। তখন বাকি দলগুলোর বিশেষ করে ফরচুন বরিশালের পয়েন্ট দেখতে হবে। যেহেতু বর্তমান পয়েন্ট ৪ আর খেলা বাকি মোটে একটি, তাই আপাতদৃষ্টিতে রাজশাহীর সম্ভাবনা খুব ক্ষীণই বলা চলে। শেষ ম্যাচ জিতলেও শান্তর দলের পয়েন্ট দাঁড়াবে ৬। অথচ চট্টগ্রাম (৬ খেলায় ১০), খুলনা (৭ খেলায় ৮) ও ঢাকার (৬ খেলায় ৬) পয়েন্ট এখনই ৬ বা তার ওপর। খুলনার আরেকটি ম্যাচ বাকি থাকলেও চট্টগ্রাম-ঢাকার আছে দুই ম্যাচ। তার মানে ওই দল দুটির পয়েন্ট আরও বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজশাহীর কিছুতেই আর ২ পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ নেই। তাদের চেয়ে বরং তামিমের বরিশালের সুযোগ বেশি। সোহেল ইসলামের শিষ্যদের বর্তমান সংগ্রহ ছয় খেলায় (২ জয় ও ৪ পরাজয়) ৪ পয়েন্ট। তাদের আরও দুই ম্যাচ বাকি। দুটিতে জিতলে হবে ৮। একটি জিতলেও সংগ্রহ দাঁড়াবে ৬। দুটিই হেরে গেলে ৪-এ বহাল থাকবে। এদিকে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রয়েছে দুটি গুরুত্বপূর্ণ খেলা। দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলায় মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। খুলনার এটিই শেষ ম্যাচ। জিতলে খুলনার পয়েন্ট হবে ১০, নিশ্চিত হবে টেবিলের প্রথম দুই স্থানের একটি। আর মুশফিকের দল জিতলে সংগ্রহ দাঁড়াবে ৭ ম্যাচে ৮ পয়েন্ট । তখন তাদের সেরা চার নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে দিনের পরের ম্যাচটি তামিমের ফরচুন বরিশালের জন্য অতি গুরুত্বপূর্ণ। সেরা চারে থাকার লড়াইয়ে টিকে থাকতে হলে বৃহস্পতিবার সন্ধ্যার ম্যাচে শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামকে হারাতেই হবে। এখন দেখা যাক কী হয়?





