র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নার্সিং সুপারভাইজারসহ আক্রান্ত ১০

স্টাফ রিপোর্টার ॥ যশোরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নার্গিস বেগম (৫৫) নামে একজন নার্সিং সুপারভাইজার করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছেন। গতকাল দু’জন রোগীর অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় একজনের নমুনা পজেটিভ আসে। অপরজনের করোনা নেগেটিভ আসায় তার নমুনা পরীক্ষার জন্য পুনরায় ল্যাবে পাঠানো হয়। গত ৫ ডিসেম্বর থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত ১১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষা করা হলো। এ পরীক্ষায় আক্রান্তের দিক দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের নার্সিং সুপারভাইজার নার্গিস বেগম হচ্ছেন প্রথম। তার বাড়ি যশোর শহরের ঘোপ ডিআইজি রোডে। এদিকে, ১শ’টি নমুনা পরীক্ষায় যশোরে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী গড়ে ১০ জনে ১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সিভিল সার্জন অফিসের দৈনন্দিন প্রতিবেদনে জানানো হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৭৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে আক্রান্ত হয়েছে ৮ জন। খুলনা মেডিকেল কলেজ হতে আসে ২৫টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ২ জন। আক্রান্ত মোট ১০ জনের ভেতর যশোর সদরে ৮ জন। অভয়নগর ও ঝিকরগাছায় ১ জন করে ২ জন আক্রান্ত হয়েছেন। যশোরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪শ’ ৯২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১শ’ ৬৫ জন। ২০ হাজার ৪শ’ ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভাগ