ঝিনাইদহে ডাক্তার-নার্স ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ‘নামে তালপুকুর, ঘটি ডোবে না’। বহুল প্রচারিত এই প্রবাদ বাক্যের মতোই যেন ঝিনাইদহ সদর উপজেলায় বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। সুরম্য ভবন। তাতে এসি লাগানো। চোখ ধাঁধানো সাইনবোর্ডে লেখা অভিজ্ঞ চিকিৎসকদের নাম। কিন্তু কোথাও তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের সাধুহাটী ও সাগান্না ইউনিয়নের ৬ টি বেসরকারি হাসপাতাল, কিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ঘুরে চরম অব্যবস্থাপনা ও ঘাপলাবাজির তথ্য মিলেছে। আদালতের নির্দেশে একজন পুলিশ কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের বেহাল চিত্র। সরেজমিন সাধুহাটী মোড়ের রাহেলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে কোন চিকিৎসক নেই। নেই প্রশিক্ষিত নার্স। নার্সের কাজ করেন রতœা খাতুন ও লিমা পারভিন সুখি। তাদের নেই কোন অভিজ্ঞতা বা পড়ালেখার সনদ। হাসপাতালটির মালিক ডা. সোহরাব হোসেন অনুপস্থিত ছিলেন। হাসপাতালটির পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্য বিভাগ থেকে কোন লাইসেন্স দেওয়া হয়নি। নবায়নের অপেক্ষায় থাকা হাসপাতালটিতে দোকান ঘরের মধ্যে বেড পেতে রোগী রাখা হয়েছে। আর এখানেই জটিল ও কঠিন অপারেশন করেন চুয়াডাঙ্গার চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, ডা. মশিউর রহমান ও অজ্ঞানের চিকিৎসক জি এম ডালিম। ঝিনাইদহের কোন চিকিৎসক সেখানে যান না বলে উল্লেখ করেন রাহেলা হাসপাতালের কথিত প্যাথলজিস্ট টুটুল আহম্মেদ। একই দশা ডাকবাংলা বাজারের আলজিজিয়া হাসপাতাল। সেখানেও সর্বক্ষণিক কোন চিকিৎসক পাওয়া যায়নি। নেই প্রশিক্ষিত নার্স। এ্যাপ্রোন পরে কাজ করছেন রেশমা ও মুসলিমা খাতুন নামে দুই যুবতী। তবে তাদের কোন সনদ নেই। চাহিদা মাফিক বেতন না দেওয়ায় এই কিনিকে কোন নার্স থাকেন না। কিনিকের মালিক আব্দুল মান্নানকে পাওয়া যায়নি। ডাকবাংলা নার্সিং হোমে গিয়ে দেখা যায় তদন্ত দলের আসার খবরে সবেমাত্র হাসপাতালে ধোয়া মোছার কাজ করা হয়েছে। কিনিক মালিক আসাদুজ্জামান কাজল জানালেন তাদের সর্বশেষ নবায়ন ২০১২ সালে। সেখানে কোন চিকিৎসক নেই। নেই ডিপ্লোমাধারী নার্স। চম্পা ও রেখা নামে দুই নার্স অফিসে ছিলেন। ছুটিতে আছেন হিরা ও নাসিমা। তাদের কোন সনদ নেই। শফিকুল ইসলাম নামে একজন কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) কাজ করেন। ডাকবাংলা বাজারের আল আকসা ডায়াগনস্টিক সেন্টারটি তালাবদ্ধ ছিল। তদন্ত দলের যাওয়া দেখে খুলে দেন মধুহাটী গ্রামের আব্দুল জলিল। তার ছেলে ডা. ফাইনুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী ডায়াবেটিক সমিতির জেনারেল ফিজিশিয়ান। আল আকসা ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে চক্ষু চড়ক গাছে উঠলো। সুরম্য ভবনে আল্ট্রাসনো ও ইসিজি রুমে বিছানা, বালিশ কাঁথা বিছানো। রুমের মধ্য দিয়ে উৎকট গন্ধ বের হচ্ছে। সাইনবোর্ডে কুষ্টিয়া সনো হাসপাতালের ডা. শামীমা সুলতানা, হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডা. মোঃ জিল্লুর রহমান, ডা. উম্মে কুলসুম, শৈলকুপা ডায়াবেটিক সমিতির ডা. খালিদ সাইফুল্লাহ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শাহিনুর আক্তার ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডা. সাজেদুর রহমানের নাম থাকলেও স্থাপনায় বসার কোন চেম্বার নেই। কিনিকটিতে উপস্থিত আব্দুল জলিল জানান, তিন মাসে আগে এটি প্রতিষ্ঠিত। সেখানে কোন রোগী দেখা হয় না। তবে কিনিকটিতে পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোন প্যাথলজিস্ট পাওয়া যায়নি। ডাকবাংলা বাজারের ইসলামী (প্রা.) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও কোন চিকিৎসক পাওয়া যায়নি। নেই প্রশিক্ষিত নার্স। হাসপাতালের প্যাডে ডা. আব্দুল্লাহ, ডা. সাদ্দাম ও ডা. পলাশের নাম লেখা আছে। কিন্তু পলাশ ও সাদ্দাম সেকমো হিসেবে ডিপ্লোমা করা। তদন্ত দলের সামনে উপস্থিত নার্স পরিচয়দানকারী মিনা ও নাসরিনের কোন সনদ নেই। ইসলামী (প্রা.) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট প্রস্তুত করাই আছে। ব্যত্যয় ঘটলে রিপোর্ট হাতে লিখে দেওয়া হয়। ইসলামী (প্রা.) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুন্সি শাহিন রেজা সাইদ জানান, তিনি সেবামূলক কাজের জন্যই কিনিকটি চালু রেখেছেন। তার হাসপাতালের কোন লাইসেন্স নেই। নবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান। সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে কোন রোগী নেই। নেই সার্বক্ষণিক চিকিৎসক। রেক্সোনা খাতুন নামে এক মহিলা সেখানে নার্সের কাজ করেন। তার স্বামী থাকেন বিদেশে। সন্তান নিয়ে ওই কিনিকের নার্স ডিউটি রুমে বসবাস করেন। সেখানে রান্না ও রাত যাপনের ব্যবস্থা আছে। বৈডাঙ্গা হাসপাতালে কোন রোগী নেই। বেডগুলো ধুলোবালিতে ভরে গেছে। পরিবেশ মানসম্মত নয়। তারপরও ২০২১ সাল পর্যন্ত সরকারি ফি জমা দিয়ে লাইসেন্স নবায়নের অপেক্ষায় আছেন পরিচালক ফারুক ও রানা। তাদের ভিজিটিং কার্ডে লেখা আছে ‘এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখানো হয়। অত্যাধুনিক কম্পিউটারাইজড ডিজিটাল মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়।’ তবে বাস্তবে সেখানে কোন চিকিৎসক তো নেই-ই, নেই কোন প্যাথলজিক্যাল সরঞ্জামও। অবাস্তব আর কল্পকাহিনীর ফাঁদে পড়ে হাসপাতালটিতে মানুষ অহরহ প্রতারিত হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালটিতে বেশ কয়েকজন রোগীও মারা গেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আমি এসব কিনিক ভিজিট করে বিস্মিত হয়েছি। কীভাবে এসব কিনিক বছরের পর বছর চলে আসছে সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, কিনিকগুলোর কোন মান নেই। চিকিৎসার কোন পরিবেশ নেই। সিভিল সার্জন আরও বলেন, আমি মানহীন কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য চিঠি পাঠিয়েছি। জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তিনি বলেন, ১৫/২০ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। তবে কেউ ছাড় পাবে না বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।

ভাগ