স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সোমবার দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ভেতর পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একজন বিদ্যুৎকর্মী আহত হয়েছেন। কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ব্যবস্থাপক আব্দুল লতিফ বলেন, শর্ট সার্কিট থেকে খুঁটিতে আগুন ধরে যায়। নেভাতে গিয়ে লাইনম্যান হাসানুজ্জামান অপু (২৬) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যদর্শী ইকতিয়ার আজাদ ও আব্দুল গফফার বলেন, প্রায় আধঘন্টা আগুন জ্বলতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মাইকেল গেটের সামনে টেলিফোন একচেঞ্জ অফিসটি অবস্থিত। খবর পেয়ে পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ন কবীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ আসে।





