লোকসমাজ সাংবাদিক শিমুল হাসান হৃদরোগে আক্রান্ত, সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার ॥ যশোর থেকে বহুল প্রকাশিত দৈনিক লোকসমাজের লোহাগড়া সংবাদদাতা শিমুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ফর্টিস হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী বিউটি বেগম চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, হৃৎপিন্ডের রক্তনালিতে বক হওয়ায় সোমবার রাত ৩টার দিকে তার শরীরে রিং পরানো হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শিমুল হাসানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওই রাতেই তাকে খুলনার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিক শিমুল হাসানের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তার সুস্থতা কামনা করেছেন লোহাগড়া ও নড়াইলের সাংবাদিকরা। অপরদিকে নড়াইলের লোহাগড়া উপজেলা সংবাদদাতা শিমুল হাসানের সুস্থতা কামনা করেছেন লোকসমাজের অনলাইন এডিটর সুন্দর সাহা, লোকসমাজের সাংবাদিক ইউনয়ন যশোর ইউনিট প্রধান মোস্তফা রুহুল কুদ্দুস ও ডেপুটি প্রধান মীর মঈন হোসেন মুসাসহ লোকসমাজ পরিবার।

ভাগ