বাগেরহাট সংবাদদাতা ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, খুব শীঘ্রই পূর্ব ও পশ্চিম সুন্দরবনে আরও ৪টি নতুন ইকোট্যুরিজম প্রকল্প বাস্তবায়ন করা হবে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের শেখেরটেক ও কলাগাছিয়া এবং সাতক্ষীরা রেঞ্জের কাশিয়াবাদ ও দোবেকি এলাকায় নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জেও নতুন ইকোট্যুরিজম কেন্দ্র বৃদ্ধি করার কথা ভাবছে বন মন্ত্রণালয়। সোমবার পর্যটন স্পট বৃদ্ধির সম্ভাব্যতা যাচাইয়ে সুন্দরবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে উপমন্ত্রী পশ্চিম সুন্দরবনের বনবিভাগের বিভিন্ন অফিস ও স্থাপনা ঘুরে দেখেন এবং বনবিভাগের নানা সুবিধা-অসুবিধা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেন। এসময় পশ্চিম সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক মো. মইনউদ্দিন খান, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসীন হোসেন, খুলনা রেঞ্জের বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. আবু সালেহ, সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম এ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।





