চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র পাওয়ার জন্য আবেদনপত্র জমা না নেয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী সামসাদ রানু। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসকাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র, জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা ও পৌর নির্বাচনের মেয়র প্রার্থী সামসাদ রানু বলেন, ‘আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে দলীয় প্রতীকের জন্য আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের কাছে আবেদনপত্র জমা দিতে যাই। এসময় তারা আমার আবেদনপত্র জমা নেয়া যাবে না বলে জানান। কী কারণে জমা নেয়া হবে না জানতে চাইলে তারা বলেন, এটা আওয়ামীলীগের অফিস। এখানে কৃষকলীগের কারো মনোনয়নপত্র জমা নেয়া হবে না।’ রানু বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ষড়যন্ত্র করে আমার দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা নেননি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ কামনা করছি। কৃষকলীগ করায় আমার দলীয় মনোনয়নের আবেদন কেন জমা নেয়া হলো না আমি তার বিচার চাই।’





