লোকসমাজ ডেস্ক॥আইফোন ব্যবহারকারীদের কাছে ভয়ের আরেক নাম যেন আইওএস ১৪.২! অপারেটিং সিস্টেমটির এ সংস্করণের কারণে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে—এমনই অভিযোগ করছেন অনেকে।
ম্যাকরিউমার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে ডিভাইস ৫০ শতাংশের বেশি চার্জ হারাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। আবার অনেকেই এক মিনিট পাঁচ শতাংশ চার্জ কমে যেতে দেখেছেন!
একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, ব্যাটারিতে চার্জ থাকলেই হুট করেই তা কমে যাচ্ছে। আবার আইফোন রিস্টার্ট করার পর ব্যাটারির চার্জ আগের চেয়ে বেশি দেখানো হচ্ছে।
আইফোন এক্সএস, আইফোন ৭, আইফোন ৬এস এবং আইফোন এসই—ডিভাইসগুলোতে এ সমস্যা বেশি হচ্ছে। সমস্যাটি সফটওয়্যার-কেন্দ্রিক বলে ধারণা অনেকেরই। সমস্যায় আক্রান্ত স্মার্টফোনগুলোর মডেল একটু পুরানো।
আইওএস ১৪.২ এবং আইপ্যাডওএস ১৪.২ নিয়ে এসেছে অ্যাপল। এ সমস্যা ঠিক করার কোনো খবর আসেনি। ম্যাকরিউমার্স বলছে, হয়তো আপডেটে সমস্যা ঠিক করে ফেলবে অ্যাপল।





