ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডুমুরিয়ায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার বিকেলে উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সন্ধ্যা ৬ টায় আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যা. জি এম ফারুক হোসেন প্রমুখ। অপরদিকে মাগুরাঘোনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আঠারোমাইল বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার রমজান আলী।




