শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোস্ট অফিসের নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিস চত্বরে মাদকসেবিদের ফেনসিডিলের খালি বোতল ফেলার কারণে মুছাকালিমুল্লাহ শাহীনকে চাকরি হারাতে হলো। যশোর পোস্ট অফিস পরিদর্শক গোলাম সরোয়ার স্বাক্ষরিত ৩ ডিসেম্বর এক পত্রের মাধ্যমে তাকে সাময়িক বরখ্স্তা করা হয়। নৈশ প্রহরী মুছাকালিমুল্লাহ শাহীন জানান, তিনি দীর্ঘদিন বেনাপোল পোস্ট অফিসে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন। পোস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রতি রাতেই মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা হয়্ । এ কারণে মাদকসেবিরা ফেনসিডিল খালি বোতল পোস্ট অফিসের প্রাচীরের মধ্যে ফেলে দেয়। বিসয়টি পোস্ট মাস্টারকে অবহিত করলেও তিনি প্রতিকারে কোন ব্যবস্থা নেননি। বিষয়টি নিয়ে স্থানীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। এরই জের ধরে তদন্ত না করে যশোর পোস্ট অফিস পরিদর্শক গোলাম সরোয়ার তাকে বরখাস্ত করেন। এ ব্যাপারে যশোর পোস্ট অফিস পরিদর্শক গোলাম সরোয়ার বলেন, দায়িত্বে অবহেলা ও সরকারি দফতরের নিয়ম পরিপন্থি আচরণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।




