লোকসমাজ ডেস্ক॥ দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুর মাত্র দশ দিনের মাথায় তার সম্পত্তির মালিকানা নিয়ে শুরু হয়ে গেল বিরোধ। আর্জেন্টিনার একটি সংবাদপত্রর প্রতিবেদন অনুযায়ী, কিংবদন্তি এই ফুটবলারের জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ড নিয়েই শুরু হয়েছে তার দুই মেয়ে এবং ব্যক্তিগত আইনজীবী মাতিয়াস মোরলার এই গন্ডগোল।
২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই মৃত্যুবরণ করেন ফুটবলের রাজপূত্র দিয়েগো ম্যারাডোনা। এরপরই শিরোনামে উঠে আসেন মোরলা। তিনি প্রকাশ্যে দাবি করেন, ম্যারাডোনার মৃত্যু কতটা স্বাভাবিক অথবা এ জন্য তার দেখভালের দায়িত্বে থাকা নার্স এবং চিকিৎসকদের গাফিলতি কতটা, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিৎ। এমন দাবির পর বুয়েন্স আয়ার্সের পুলিশ শুরু করে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্ডো লুকেকে। এবার তাকে নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যারাডোনার নামে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড। ‘এল টেন’, ‘ম্যারাডোনা’, ‘এল দিয়েগো’, ‘দিয়েগোল’- নামে ৫৪টি ব্র্যান্ড চালায় মোরলার সংস্থা এবং সব ক’টিরই যাবতীয় আইনি অধিকার রয়েছে সেই সংস্থার হাতে। ম্যারাডোনার দুই মেয়ে দালমা এবং জিয়ানিয়া এখন বাবার নামাঙ্কিত ‘ব্র্যান্ড’ উদ্ধার করতে মোরলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। মোরলার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা দুই মেয়েকে কোনও অধিকারই ছাড়তে রাজি নয়। ফলে আদালতের দ্বারস্থ হয়ে দালমারা এটা প্রমাণ করতে চান যে, সত্যিই এ ব্যাপারে যাবতীয় অধিকার ম্যারাডোনা তার আইনজীবীর সংস্থার হাতে তুলে দিয়েছিলেন কি না।





