ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদ এবং উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত শহরের দড়াটানা ও গাড়িখানা রোডে পৃথকভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের জেলা সভাপতি অ্যাড. রবিউল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, জেলা সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারিক, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, পুনশ্চর সুকুমার দাস, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা মাহবুবুর রহমান মজনু, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য কোন পূজার মূর্তি নয়। তিনি কোন দেবতা নন। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি ইতিহাসের মহানায়ক, তাকে সম্মান জানাতে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। বক্তারা আরও বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এমনকি প্রধান প্রধান মুসলিম রাষ্ট্রেও ভাস্কর্য রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের নামে একটি শক্তি ও ভাস্কর্যের বিরোধিতা করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য। যা এদেশের ইতিহাস ঐতিহ্য, সাংস্কৃতিক এবং সংবিধানবিরোধী বলে মন্তব্য করেন বক্তারা।

ভাগ