স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে ভারতের এক যুবকের সাথে দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্ক ১৪ বছর বয়সী এক কিশোরীর। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকার এই কিশোরী প্রেমিকের ডাকে সাড়া দিতে বাড়ি থেকে পালিয়েছিলো। কিন্তু প্রেমিকের সাথে তার আর দেখা হয়নি। যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাবার আগেই ডিবি পুলিশ তাকে উদ্ধার করে। যশোরের ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের ওই কিশোরীর বাড়ি কেরানীগঞ্জের খোলাভাঙ্গা এলাকায়। সে এসএসসি পরীক্ষার্থী। তার বাবা কাঠের কাজ করেন। ভারতের ২৪ পরগনা এলাকার একই সম্প্রদায়ের শিমুল মল্লিক নামে এক যুবকের সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ আড়াই বছর ধরে তাদের মধ্যে এই প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই কিশোরী প্রেমিকের ডাকে সাড়া দিতে গত ২৯ নভেম্বর গোপনে বাড়ি ছাড়ে। পরদিন সে যশোরের চৌগাছার বাড়িয়ালী গ্রামে প্রেমিকের পরিচিত এক ব্যক্তির বাড়িতে এসে আশ্রয় নেয়। সেখানে যাওয়ার পর অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। ইতোমধ্যে সন্তানের খোঁজ না পেয়ে অভিভাবকেরা কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন । এই জিডির প্রেক্ষিতে কেরানীগঞ্জ থানার পুলিশ অনলাইনে যশোরের পুলিশ প্রশাসনের কাছে কিশোরীকে উদ্ধারের অনুরোধ করে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় ডিবি পুলিশকে। দায়িত্ব পাওয়ার পর তথ্য প্রযুুক্তির সাহায্যে ডিবি পুলিশ চৌগাছার বাড়িয়ালীতে ওই কিশোরী অবস্থান করছে বলে নিশ্চিত হয়। এরপর গত শুক্রবার ভোরে বাড়িয়ালী গ্রামে প্রেমিক শিমুল মল্লিকের পরিচিত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তাকে কেরানীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই কিশোরীর নাম তিথি মন্ডল। বাড়ি থেকে পালিয়ে আসার সময় সে একটি ব্যাগে করে পরনের কাপড় চোপড় নিয়ে এসেছিলো।




