স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবার এক দম্পতিকে ভারতে পাচার মামলার আসামি নাসরিনকে আটক করেছে পুলিশ। শনিবার ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত শহিদ বাবুর মেয়ে। পুলিশ জানায়, পুরাতন কসবা আজিজ সিটির বাসিন্দা শাকিল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের ঘটনায় গত ২ ডিসেম্বর যশোর কোতয়ালি থানায় মামলা হয়। তবে মামলা দায়েরের আগে ভারতে পুলিশের হাতে আটক হন অভিযুক্ত নাসরিন। ওই সময় পুলিশ ভিকটিম ফাতেমা বেগমকেও উদ্ধার করেছিলো। তবে দুজনের কোনো পাসপোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানে মামলা হয়। কারাভোগের পর নাসরিন ও ভিকটিমকে রাইটস যশোরের মাধ্যমে ভারত থেকে যশোরে নিয়ে আসা হয়। এরপর দুজনকে আহছানিয়া মিশনের শেল্টার হোমে রাখা হয়। পাচার মামলা হওয়ায় সেখান থেকে শনিবার সকালে আসামি নাসরিনকে আটক করেন তদন্ত কর্মকর্তা এসআই ইদ্রিসুর রহমান। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




