আজ ঝিকরগাছা মুক্ত দিবস

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আজ ৬ ডিসেম্বর। যশোরের ঝিকরগাছা হানাদার মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস রক্তয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ঝিকরগাছা হানাদার মুক্ত হয়। এই দিনে ঝিকরগাছা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী পালিয়ে গেলে দিনটি দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ঝিকরগাছা মুক্ত দিবস বা হানাদার মুক্ত দিবস হিসেবে স্থান পায়। ১৯৭১ সালে পাকিস্তানী উপনিবেশবাদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় ঝিকরগাছা উপজেলার নিরস্ত্র মুক্তিপাগল ছাত্র, শ্রমিক, কৃষক ও বুদ্ধিজীবিসহ সর্বশ্রেণির বীর বাঙালী মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালে পার্শ¦বর্তী চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের কৃতিসন্তান মশিয়ুর রহমানকে পাকহানাদার বাহিনী ও রাজাকাররা ধরে নিয়ে তার হাত-পা বেঁধে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এরপর পাকহানাদার বাহিনী (চৌগাছা-ঝিকরগাছা) উপজেলায় মধ্যবর্তী কাবিলপুর, গোয়ালহাটি এলাকা দিয়ে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করে। ১৯৭১ সালের ৫ই ডিসেম্বর সন্ধ্যার পর ঝিকরগাছার কপোতাক্ষ নদের উপর নির্মিত সড়ক সেতুর উপর দিয়ে পাকসেনারা পালানোর চেষ্টা করে। কিন্তু মুক্তিকামী বীর সন্তানেরা সেখানে অবস্থান নেয়। ফলে ওই রাতেই পাকহানাদার বাহিনী ঝিকরগাছা উপজেলা সীমানা ছেড়ে যশোর সেনানিবাস অভিমুখে পালিয়ে যায়। সর্বশেষ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর তৎকালীন ঝিকরগাছা থানা হানাদার মুক্ত হয়।

ভাগ