বিজয়ের মাস

মাসুদ রানা বাবু ॥ আজ ৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সারাদেশে যুদ্ধ চলছিল। দখলদার পাকবাহিনীকে বিতাড়িত করে বাংলার মাটিকে মুক্ত করার। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে শত্রুদের তছনছ করে দিয়ে ঢাকা অভিমুখে অগ্রসর হচ্ছিল। এতে পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকে। এ সময় তারা যাতায়াত পথের দু‘ধারের বাড়িঘরে অগ্নিসংযোগ করে নির্বিচারে মানুষ হত্যা ও লুটপাট চালায়। তারপরও এদিন দেশের প্রায় এক-চতুর্থাংশ এলাকা পূর্ণ নিয়ন্ত্রণে আনে মুক্তিবাহিনী। আর মুক্তাঙ্গণে দলে দলে সমবেত হতে থাকেন মুক্তিযোদ্ধারা। এদিকে, ডিসেম্বরের এই দিন সেনাবাহিনী প্রধান আব্দুল হামিদ খান রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের অধিনায়ক নিয়াজিকে জানান, পাকিস্তানের পক্ষে চীনা তৎপরতা খুব শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নিয়াজি চৈনিক সমর্থন ও সাহায্য পেতে মরিয়া হয়ে ওঠেন। এর পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নতুন কৌশল অবলম্বন করেন। তিনি বাংলার মানুষকে খুশি করতে পূর্বাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিনকে প্রধানমন্ত্রী ও পশ্চিমাঞ্চলের নেতা জুলফিকার আলী ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

ভাগ