যশোরে ট্রেনের ধাক্কায় বিশিষ্ট টাইলস ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। অননুমোদিত ও গেটম্যানবিহীন খোলা রেলক্রসিং-পার হওয়ার সময় খুলনা থেকে আসা একটি ট্রেন চিলিরহাটি যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, আব্দুর রহমান শহরের পাইপপট্টিতে অবস্থিত টাইলসের দোকান-এসএ ট্রেডার্সের (স্বত্বাধিকারী) শহরতলীর মন্ডলগাতী গ্রামের বাসা থেকে মোটসাইকেলযোগে তিনি পুরাতন কসবা মিশনপাড়ায় আওয়ামী লীগ নেতা হাবিব খানের বাসায় যাচ্ছিলেন। বেলা ১১টা ২০ মিনিটের দিকে আব্দুর রহমান খড়কি ধোপাপাড়ায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে একটি ট্রেন চিলিরহাটি যাওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আব্দুর রহমান রাস্তার পাশে ৫০ গজ দূরে ছিটকে পড়েন। তার হাত ও পা ভেঙে খন্ডবিখন্ড হয়ে যায়। তখন স্থানীয় বাসিন্দা মনার স্ত্রী জয়নুর বেগম তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে এনে ১১টা ৪০ মিনিটে ভর্তি করেন। সেখানে ১০ মিনিট চিকিৎসাধীন থাকার পর ১১টা ৫০ মিনিটে ডা. সৌরভ কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন। ডা. সৌরভ কুমার দাস বলেন, ট্রেনের ধাক্কায় আব্দুর রহমানের মাথায় ৩টি বড় ধরনের ইনজুরি হয়েছে। ডান পা ও হাত ভেঙে কয়েক খন্ড হয়ে গেছে। ফলে, দ্রুত সময়ের মধ্য তার মৃত হয়েছে। খুলনা রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির এসআই মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খড়কি ধোপাপাড়ার রেলক্রসিং অনুমোদিত না। তাই, সেখানে কোন গেটম্যান নেই। এরপরও ট্রেন যাওয়ার সময় জয়নুর বেগম নামে ওই গৃহবধূ ট্রেন আসছে একথা বলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমানকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি তার কথায় কর্ণপাত না করে রেলক্রসিং দ্রুত পার হতে যান। ফলে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমানের গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামে। পিতার নাম আব্দুল আজিজ সরদার। ব্যবসায়ীক কারণে তিনি যশোর শহরতলীর মন্ডলগাতী গ্রামে বসবাস করেন। তার মৃত্যুর পর যশোর শহরের টাইলস ব্যবসাযী ও পরিবারের লোকজন হাসপাতালে ভিড় জমান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুমতিক্রমে নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যান। এদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলী (৬০) সাথে এক ব্যক্তি নিহত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। হায়দার আলীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নটিমা ইউনিয়নের কুরিপোল গ্রামে। এদিন বিকেলে বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় হায়দার আলী গুরুতর আহত হয়েছিলেন।

ভাগ