যশোরের বেজপাড়ায় দুইজন ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে উভয় পক্ষের ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ভেতর একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয় রাতেই। ছুরিকাহতরা হচ্ছে- বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাবুল হোসেনের পুত্র রাব্বী (২২) ও একই এলাকার আব্দুল ওহাব খানের পুত্র জিয়াউর রহমান জিয়া (২৫)। জিয়াউর রহমান জিয়া জানিয়েছে, রাত ৭টার দিকে তারা বাড়ির কাছে ব্যাডমিন্টন খেলা করছিল। এ সময় স্থানীয় রাব্বী, গাজী শামীম ও হাসান এসে তার সাথে ইচ্ছাকৃতভাবে গোলযোগ করার চেষ্টা করে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাব্বী তাকে (জিয়াকে) এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় তাদের নিজেদের লোকের ছুরি রাব্বীর বুকে লাগে। এতে রাব্বী ছুরিকাহত হয়। পরে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে, রাব্বীর অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষের গোলযোগ উভয়পক্ষের দু’জন ছুরিকাহত হয়েছে। আহতদের সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন স্থানীরা।

ভাগ